স্বামীকে খুনের হুমকি দিয়ে স্ত্রীকে ধর্ষণ করলো দুই যুবক

স্বামীকে খুনের হুমকি দিয়ে স্ত্রীকে ধর্ষণ করলো দুই যুবক

স্বামীকে খুনের হুমকি দিয়ে স্ত্রীকে ধর্ষণ করলো দুই যুবক। মঙ্গলবার মধ্যরাতে ঘটনাটি ঘটেছে ভারতের বুদবুদ থানা নামক এলাকায়। অভিযুক্তরা একই গ্রামের বাসিন্দা। বুধবার সকালে ঘটনাটি প্রকাশ্যে আসতেই তারা এলাকা ছেড়ে পালিয়েছে। 

অভিযুক্ত দুই যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। তাদের সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ। বুদবুদ থানার এক আধিকারিক বলেন ‘নির্যাতিতা মহিলা ও তাঁর স্বামীর সঙ্গে কথা বলে জানা গিয়েছে, অভিযুক্ত দুই যুবক গ্রামেরই বাসিন্দা। তাদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে।’ 

নির্যাতিতা মহিলা বানজারা গোষ্ঠীর। একসঙ্গে দলবদ্ধ ভাবে তারা নানা জায়গায় ঘুরে বেরায়। বেশ কিছু দিন ধরে বুদবুদ থানা এলাকার একটি গ্রামে এই দলটি ডেরা বেঁধেছিল। কয়েক দিন ধরে গ্রামের দুই যুবক ওই মহিলাকে উত্ত্যক্ত করত বলে অভিযোগ। কয়েক বার প্রতিবাদ করেছিলেন মহিলা 

মঙ্গলবার রাত প্রায় ৩টা নাগাদ মহিলার গলায় চাকু ঠেকিয়ে তাঁকে জোর করে ডেরা থেকে তুলে নিয়ে যায় দুই যুবক। ডেরার অদূরে একটি খড়ের ছাউনিতে নিয়ে গিয়ে দুই যুবক তাঁকে ধর্ষণ করে বলে অভিযোগ। মহিলার চিৎকার শুনে তাঁর স্বামী-সহ অন্যরা ডেরা থেকে বেরিয়ে এলে দু’জন পালিয়ে যায়। 

বানজারা দলটির এক সদস্য বলেন, ‘ওই যুবকদের মধ্যে এক জন গেঞ্জি ফেলে গিয়েছিল। এদিন সকালে ওই যুবক এসে গেঞ্জিটি নিয়ে যায় এবং আমাদের শাসিয়ে যায়। বলে, থানা-পুলিশ করলে পরিণতি ভালো হবে না।’ 

এদিন নির্যাতিতা মহিলা বলেন, ‘রাতে দুই যুবক আমার গলায় চাকু ঠেকিয়ে জোর করে তুলে নিয়ে গিয়ে নির্যাতন করে। আমাকে বলে, কাউকে বললে বা থানা-পুলিশ করলে আমার স্বামীকে খুন করে দেবে।’ 

মহিলার স্বামী বলেন, ‘রাত ৩টের পরে ঘটনাটি ঘটেছে। আমি একটু দূরে ঘুমিয়ে ছিলাম। স্ত্রীর চিৎকারে আমার ঘুম ভেঙে যায়। ডেরা থেকে বেরিয়ে দেখি একটা ছাউনির তলায় আমার স্ত্রীর উপরে দুই যুবক অত্যাচার করছে। আমরা এগিয়ে যেতেই দু’জন পালিয়ে যায়। দুই যুবকই এই গ্রামের বাসিন্দা। তাদের মধ্যে এক জনকে মাঝে মধ্যেই ডেরার আশপাশে দেখতাম। কিন্তু তাদের এমন অসৎ উদ্দেশ্য রয়েছে বুঝতে পারিনি। অভিযুক্তদের কঠোর শাস্তি চাই।’

Comments